রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়িতে ট্রাকের ধাক্কায় শুক্রবার (১২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে এক রিকশাচালক নিহত হয়েছেন।

এতে ওই রিকশার দুই যাত্রী আহত হন। নিহত রিকশাচালকের নাম চালক অজিত কুমার (২৫)। বাড়ি গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকায়।

আহতরা হলেন- গোদাগাড়ী পৌর এলাকার অধিবাসী রিকশারোহী লালচান (৪৫) ও ভোদল (৩০)। তাদের গোদাগাড়ীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রিকশাটি গোদাগাড়ীর ডাইংপাড়ার দিকে যাচ্ছিলো।

এ সময় মহিশালবাড়ি বাজারে পৌঁছালে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক রিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক অজিত ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত লালচান ও ভোদলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান গোদাগাড়ী থানার ওসি।

এফএফ