হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে (২০১৭-২০১৯) সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস ছোবহান ভূঁইয়া। তিনি হাব গণতান্ত্রিক ফ্রন্ট থেকে প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাতে রাজধানীর নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে ভোট গণনা শেষে তাকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হারুন উর রশীদ। নির্বাচনে আব্দুস ছোবহান ভূঁইয়া পেয়েছেন ৫৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবদুল্লাহ পেয়েছেন ৪২০ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ছিল এক হাজার ১৫৭ জন। এর মধ্যে নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৯৬৩টি।
নির্বাচনে মোট ৫৪টি পদের বিপরীতে কেন্দ্রীয় কমিটিতে ২৭ জন, ঢাকা বিভাগ থেকে ১৩ জন, চট্টগ্রাম থেকে সাতজন এবং সিলেট থেকে সাতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রার্থীরা। এর মধ্যে শেখ আবদুল্লাহর নেতৃত্বে হাব গণতান্ত্রিক ফোরাম, সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদের নেতৃত্বে হাব সমন্বয় পরিষদ এবং আবদুস ছোবহান ভূঁইয়ার নেতৃত্বে হাব গণতান্ত্রিক ফ্রন্ট । নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্ট প্যানেলের সব প্রর্থী জয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল হারুন উর রশীদ। তার নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশনার ও তিন সদস্যের আপিল বোর্ড ভোট গ্রহণের সার্বিক দায়িত্ব পালন করেন।
এমএনজে





