ভোলার মনপুরা থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে চরমোনাই যাওয়ার পথে সোমবার রাত ১০টায় এফবি নুরু ইসলাম নামের একটি লঞ্চের সঙ্গে কার্গোর সংঘর্ষ হয়েছে। এতে ৭ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন। দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

যাত্রীরা মুঠোফোনে জানান, এফবি নুরু ইসলাম লঞ্চযোগে মনপুরা থেকে চরমোনাই মাহফিলে যাওয়ার পথে চরমোনাইয়ের কাছাকাছি কার্গোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাৎক্ষণিকভাবে লঞ্চের স্টাফসহ ৫ জন নদীতে পড়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চটি চরমোনাই পৌঁছালেও বাশার নামের এক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে, মনপুরা উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলি উল্ল্যাহ কাজল বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরই লঞ্চে থাকা প্রাক্তন উপজেলা চেয়ারম্যান নজির আহমদ মিয়ার সঙ্গে কথা বলে যাত্রীদের খোঁজখবর নিই। নিখোঁজ বাশারকে উদ্ধারের জন্য ওই এলাকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলি।’

প্রসঙ্গত, মানিকগঞ্জের পাটুরিয়ায় গত রোববার একটি কার্গোর আঘাতে একটি লঞ্চ উল্টে গিয়ে এর অন্তত ৭০ যাত্রী নিহত হন।

এএইচ