ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের ডোবা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিজ বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মা ও দুই সন্তানের লাশ ভাসতে দেখে স্থানীরা।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার ভোরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ভরনিয়া গ্রাম থেকে তাদের ৩ জনের লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তাদের মৃত্যু কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতরা হলেন- ওই গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পুকুরের পানিতে মরদেহগুলো ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে থানায় খবর দেয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন, ভোরে ওই গ্রাম থেকে স্থানীয় লোকজন ফোন করে আমাদের জানান পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমবি





