সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ২বাস ও ১টি ট্রাকের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে ৬ জন নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন।
আজ (২৯ নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আবদুল হামিদ দুর্ঘটনায় ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে। বাস থেকে ৫ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। উদ্ধার কাজ চলছে বলে জানান ট্রাফিক ইন্সপেক্টর।
এমবি





