দেশে করোনায় নতুন করে আরো ৩ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১ জন নারী, ২ জন পুরুষ। ২ জন বিদেশফেরত।

রোববার (২২ মার্চ) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জন। মারা গেছেন ২ জন। আশার বিষয় হচ্ছে- প্রাণঘাতী এ সংক্রমণে নতুন করে কোনো মৃত্যুর খবর নেই।

মীরজাদী ফ্লোরা বলেন, পাঁচজন জন সুস্থ হয়ে ফিরে গেছেন। দুজন মারা গেছেন আর ২০ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্তদের দু’জন দেশের বাইরে থেকে এসেছেন। একজন সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগকে ইতিমধ্যে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। এতে মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে জনসমাগমের মতো সব অনুষ্ঠান আয়োজনে মানা করা হয়েছে। বন্ধ করা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিনোদনকেন্দ্র ও প্রেক্ষাগৃহ।

করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে যোগাযোগের জন্য হটলাইন (৩৩৩, ১৬২৬৩) চালু করেছে আইইডিসিআর। তাতে ফোন করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন আইইডিসিআরের কর্মীরা।

কেউ চাইলে [email protected] ঠিকানায় ই-মেইল করে নিজের বক্তব্য জানাতে পারবেন। এ ছাড়া ফেসবুক গ্রুপ Iedcr,COVID-19 Control Room-এর ইনবক্সে সমস্যার কথা বলতে পারবেন।

এএস