গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরীয়তপুরের জাজিরায় বর্ষা আক্তার (২৬) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় শাহেদ আলী মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। বর্ষা জাজিরা জবর আলী আকন কান্দি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

মঙ্গলবার রাতে ঢাকার সাইনবোর্ড এলাকার প্রোএ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক ও স্বজনরা।

পরিবারের সদস্যরা জানান, বর্ষা আক্তার গত ১৮ জুলাই জ্বরে আক্রান্ত হন। প্রথম দিকে তেমন গুরুত্ব দেননি। জ্বরের শরীর নিয়েই বিদ্যালয়ে যেতেন। বেশি অসুস্থ হয়ে গেলে গত ২৫ জুলাই পরিবারের সদস্যরা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু জ্বর আলামত পান।

তিনি জানান, ২৬ জুলাই বর্ষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। তাই গত শনিবার তাকে ঢাকার সাইনবোর্ড এলাকায় প্রোএ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েক দফায় রক্ত দেওয়া হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বর্ষার মৃত্যু হয়।

শরীয়তপুরের সিভিল সার্জন মো.খলিলুর রহমান বলেন,বুধবার সকাল ১০টা পর্যন্ত শরীয়তপুর জেলায় ১০ জন ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে। ডেঙ্গু সচেতনতার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমাদের উপজেলা ও জেলা হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করার পরীক্ষা করা হচ্ছে। যারা এখানে চিকিৎসা নিচ্ছে তাদের সবোর্”চ সাপোর্ট দেয়া হচ্ছে।

এএস