আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টা মেট্রোরেলের নির্মাণকাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস সূত্রে।
গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর আবারও একই সমস্যায় পড়তে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান জানান, মেট্রোরেলের নির্মাণকাজের জন্য গ্যাস পাইপলাইন সরানো হবে। তাই মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ধানমন্ডি, জিগাতলা, রামপুরা, বনশ্রী ও পুরনো ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কারিগরি ত্রুটির কারণে গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর কয়েক লাখ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছিল। রাষ্ট্রায়ত্ত গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এর আশুলিয়া গ্যাস স্টেশনের একটি ভালভ অকেজো হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়।
পূর্ব ঘোষণা ছাড়াই এদিন গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে সাভার, আশুলিয়া, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং রোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, আজিমপুর ও হাজারীবাগ এলাকার মানুষকে ঘুম থেকে উঠেই ভোগান্তিতে পড়তে হয়।
উল্লেখ্য, এর আগেও মেট্রোরেলের কাজের জন্য মিরপুর এলাকায় বেশ কয়েকবার ঘোষণা দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে রাখা হয়।
এমবি





