রাজধানীর খিলগাঁওয়ে একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূঁইয়াপাড়ার লাইফ লাইন মাদক নিরাময় কেন্দ্রের ভেতর থেকে বশির আহমেদ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু মোল্লা জানান, সকাল ৭টায় ওই নিরাময় কেন্দ্রের ভেতর থেকে বশির আহমেদের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মুখ ও হাত-পা বাঁধা ছিল।

তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া জানান, এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই নিরাময় কেন্দ্রের তিন রোগীকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বশির আহমেদ ওই নিরাময় কেন্দ্রের তত্ত্বাবধায়ক ছিলেন। তিনি (বশির) তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করতেন বলে আটকরা জানিয়েছেন বলে জানান ওসি মোস্তাফিজ। তবে আটকদের নাম ঠিকানা জানাননি তিনি।

কেএইচ