বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিংয়ের কাছে মঙ্গলবার সকালে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রিবাহী বাসের সংঘর্ষে শাকিল (৩০) নামে হানিফ পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন।
নিহত শাকিল গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার আব্দুল নগর গ্রামের জাহিদুল আলম মন্ডলের ছেলে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার এসআই মোয়াজ্জেম হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জননী পরিবহনের একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওই স্থানে পৌঁছলে হানিফ পরিবহনের যাত্রিবাহী একটি বাস ওভারটেক করার সময় কাভার্ড ভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়।
এতে বাস ও কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইজার শাকিল নিহত হন।
অপরদিকে, এ ঘটনার আধা ঘণ্টা পর মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় দু’টি ট্রাকের সংঘর্ষ হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে ও মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে ট্রাক দু’টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত শাকিলের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।
এসএইচ





