বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাওহীদ (দেড় বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাওহীদ নামের ওই শিশুকে গেল মঙ্গলবার সকালে এই হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুরে শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান জানিয়েছেন, শনিবার দুপুর পর্যন্ত বরগুনায় ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদের মধ্যে ১৩ জন বরগুনা জেনারেল হাসপাতাল ও একজন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, তাওহীদের মরদেহ আজ সকালে লাকুরতলা গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

 

এএস