যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৩৪ লক্ষ ৬০ হাজার বাংলাদেশী টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে এ টাকা উদ্ধার করা হয়। এই সময় কোন পাচারকারীকে আটক করা হয়নি।
বিজিবি জানায় , গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর সীমান্তের মাঠ এলাকা দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে।
এ সংবাদের ভিত্তিতে এ এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা খুলে ৩৪ লক্ষ ৬০ হাজার বাংলাদেশী টাকা পাওয়া যায়।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক বলেন, রঘুনাথপুর সীমান্ত থেকে হুন্ডির ৩৪ লক্ষ ৬০ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
নাছির/এএস





