অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ৪১ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটকদের মধ্যে তিন শিশু, আটজন নারী ও ৩০ জন পুরুষ রয়েছে। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
খুলনা ২৩ বিজিবির পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, বেশ কিছু নারী-পুরুষ বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াতের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, এদের বাড়ি বাগেরহাট, নড়াইল, খুলনা, যশোর, গোপালগঞ্জ ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়। আটকদের সকলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক দীন মোহাম্মদ জানান, বিজিবির হাতে আটক বাংলাদেশী নারী-পুরুষকে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
কেএইচ





