সৌদি আরবে বয়লার বিস্ফোরণে সোহেল শিকদার (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কোম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সোহেল শিকদার মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে। এই ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর শোনা গেলে তা নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে সৌদি আরবে যান সোহেল। দেড় বছর আগে একবার বাড়ি গিয়েছিলেন। পরিবারে স্ত্রীসহ চার বছর বয়সী ছেলে ও সাত মাস বয়সী এক মেয়ে রয়েছে।
সোহেলের বড় ভাই আব্দুল গাফফার শিকদার বলেন, “মেয়েটা যখন হয় তখন আমার ভাই সৌদি আরবে ছিল। মেয়েকে দেখার জন্যই আগামী ২৫ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। টিকিটও কাটা ছিল। সোহেল আর মেয়েটাকে দেখতে পারবে না।” সোহেলের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বড় ভাই আব্দুল গাফফার।
লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিরাজ হোসেন গণমাধ্যমকে বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।
এমবি





