সুনামগঞ্জের তাহিরপুরে দিনমজুরের কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বারেকটিলা (বড়গোপটিলা) থেকে তাদের গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।

এরা হলেন- উত্তর বড়দল গ্রামের রবি আউয়ালের ছেলে জয়ধর মিয়া (২০), শওকত আলীর ছেলে আমির হোসেন (২২) ও মৃত আলকু মিয়ার ছেলে জজ মিয়া (৩০)। তাদের বাড়ি উত্তর বড়দল গ্রামে।

ধর্ষিতার পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে বারেকের টিলায় (বড়গোফ) এলাকায় এক দিন মজুরের মেয়ে পাশের পাহাড়ি কুপে গোসল করতে গেলে ওঁৎ পেতে থাকা ৩ বখাটে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা নিজে থানায় মামলা করলে পুলিশ তাদের আটক করে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তাহিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিসুর রহমান খান বলেন, ‘ধর্ষণ মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে ৩ ধর্ষককে জেলহাজতে পাঠিয়েছেন।’

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ