বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মহানায়ক বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার সকাল আনুমানিক ৮টায় সিরাজগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য র্যা লি ও শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে র্যা লির উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কুমার দাশ।
মোহাম্মদ নাসিম বলেন, ‘৭৫ পরবর্তীতে ওরা জাতির জনক ও তার পরিবারকে হত্যা করে দেশটাকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিল। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল।
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করা হযেছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এই দীক্ষায় আমরা সবাই এ দেশে বসবাস করব বলেও মন্তব্য করেন তিনি।
সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





