চাঁদপুরে মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ৬২.৫ মণ (২৫০০ কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৯ জানুয়ারি) সদর উজেলার হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়।

আজ দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

তিনি বলেন, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে চাঁদপুর হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান চালিয়ে আনুমানিক ২৫০০ কেজি জাটকা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি আরও জানান, পরবর্তীকালে ওই জাটকাগুলো চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে স্থানীয় ২৭টি এতিমখানা ও স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

এমবি