চুয়াডাঙ্গাতে শক্তিশালী বোমার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেয়ার কারণে এ হামলা চালায় বলে জানা যায়।
শনিবার রাত ১১ টার দিকে কালুপোলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার কালুপোল গ্রামে সুন্নত আলীর ছেলে আতিয়ার রহমানের বাড়িতে ৭-৮ জন দুর্বৃত্ত হানা দেয় শনিবার দিবাগত রাতে। এরপর তারা ঘরের দরোজা খোলার জন্য বলে। কিন্তু দরোজা খুলতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাড়ির ভিতরে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে রাতেই তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করে।
বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, দুর্বৃত্তরা কয়েকদিন আগে মুঠোফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তারা এ বোমা বিস্ফোরণ ঘটায়।
তিতুদহ ইউনিয়নের মেম্বার মজিবর রহমান জানান, চাঁদার দাবির বিষয়টি আমি শুনেছি।
তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওলিউর রহমান জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও জানান, চাঁদার বিষয়ে তিনি কিছু জানেন না।
ঢাকা,১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ