ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে শাহবাগ অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেন।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের জন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আবারও আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি থেকে অধিভুক্তি বাতিলের দাবিতে ‘ঢাবির বাস আটকায় কে? প্রশাসন জবাব চাই’, ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোনো শাখা নাই’ ‘রাখতে ঢাবির সম্মান সাত কলেজ বেমানান’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভরত (ঢাবি) শিক্ষার্থী আশিক বলেন, ‘সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ায় শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ও একাডেমিক কার্যক্রমে ধীর গতি দেখা দিয়েছে। নিয়মিত পাঠদান, ফল প্রকাশ ব্যাহত হওয়ার সঙ্গে সেশনজট সমস্যায় পড়ছি আমরা। এমনকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় সংকটেও ভুগতে হতে পারে।’
এর আগে বেলা ১১টা থেকে তারা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে স্লোগান দিতে দিতে তারা প্রথমে রাজু ভাস্কর্য এলাকায় এবং পরে শাহবাগ মোড় অবরোধ করেন।
এসময় শাহবাগ মোড় অবরোধ করলে যেসব গাড়ি, সায়েন্সল্যাব, ফার্মগেট, মৎস ভবন যাতায়াত করে সেসব গাড়ি চলাচল করতে পারছে না। পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। তীব্র গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।
পুলিশ বলছে, শাহবাগ মোড়ে অবরোধ হওয়ায় বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে সেসব সড়কে গাড়ির চাপ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এএস





