সাভারের আশুলিয়ায় একটি ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট এলাকায় ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাড়ির মালিক সজল মিয়া (৩০) ও সিএনজি স্টেশনের অপারেটর শামীম (২৭)। নিহত সজল আশুলিয়া থানার চাকল গ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। শামীমের বাড়ি মানিকগঞ্জে।
আহতদের স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির সাংবাদিকদের বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-খ-১১-৪৬০৫) গ্যাস দিচ্ছিলেন শামীম হোসেন। হঠাৎ বিকট শব্দে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রাইভেট কারটি ছিন্নভিন্ন হয়ে যন্ত্রাংশ এদিকওদিক উড়ে যায়। ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। গাড়ির মালিক সজল সাভার এনাম মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান।
আহতদের মধ্যে প্রাইভেট কারের যাত্রী-চালক ও পথচারী ছিলেন বলে জানান ওসি মহসিনুল।
বিস্ফোরণের বিকট শব্দে ফিলিং স্টেশনের ভবনের সামনের অংশের কাচ ভেঙে যায় বলেও জানান তিনি ।
এমআইএস।





