ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জনে।
বুধবার (০৭ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া যুবকের নাম আওলাদ হোসেন (৩২)।
তিনি পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী। বাবার নাম তোফাজ্জল হোসেন। মুন্সীগঞ্জ সদর থানার পশ্চিম বাজি এলাকায় তার গ্রামের বাড়ি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তার মামা আকতার হোসেন জানান, মঙ্গলবার (০৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০১ নং ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। আজ (বুধবার) ভোররাত ৪টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
এমবি





