রাজশাহীর ভুগরোইল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুগরোইলে রাজশাহী-নওগাঁ মহাসড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছত্রভঙ্গের চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। আত্মরক্ষায় রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে হরতালে জামায়াত-শিবিরের প্রতিরোধে মহানগরী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর আলুপট্টি, কুমারপাড়া, সাহেব বাজার জিরোপয়েন্ট, সোনাদীঘির মোড়, সদর হাসপাতালের মোড়, লক্ষ্মীপুর মোড়, তালাইমারী, গৌরহাঙ্গা রেলগেট, ভদ্রা স্মৃতি অম্লান মোড়, শালগান, সিটি বাইপাসসহ বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে ৠাবের টহল।

এছাড়া সহিংসতা এড়াতে সকাল থেকে রাজশাহীতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অব্যাহত রয়েছে বিজিবির টহলও।

হরতালে ভাঙচুর আশঙ্কায় রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে চলাচল করেছে আন্তঃজেলা রুটের বাস। বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, হিউম্যান হলার, মিশুক, মাইক্রেবাস সহ সব ধরনের হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজশাহী স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও খুলনাগামী কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের আন্তঃনগর এবং লোকাল মেইল ট্রেন নির্দিষ্ট সময়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, হরতালে মহানগরবাসীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হরতালের নামে কেউ সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বুধ-বৃহস্পতি দুই দিনের হরতাল ডাকে জামায়াত।

এএইচ