প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়, এই নীতিতেই এগোবে পররাষ্ট্রনীতি।’ রবিবার (২৬ নভেম্বর) ‘জনগণ ও শান্তির জন্য কূটনীতি’ শীর্ষক তিন দিনব্যাপী রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে ঢাকায় এই সম্মেলনের আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ এই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশের মিশনগুলোতে দায়িত্বপালনরত দূতদের নিয়ে সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো রাজধানীতে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫৮টি দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও স্থায়ী প্রতিনিধিগণ অংশ নেবেন।
সম্মেলনে বৈশ্বিক পরিবর্তনের প্রেক্ষাপটে বৈদেশিক নীতি বিষয়ক একটি একটি বিশেষ অধিবেশন থাকবে। এছাড়া সম্মেলনে সমসাময়িক বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে প্যানেল আলোচনা থাকবে।
এসব আলোচনায় মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে জাতীয় স্বার্থ সুরক্ষার দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
সম্মেলনের লক্ষ্য হচ্ছে- উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবিলা, বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং বিশ্বের একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরা নিয়ে আলোচনা করা।





