নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরেকজন।

শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টগড় নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন,নরসিংদী শহরের বৌয়াকুড়ের বাবুল মিয়ার ছেলে বাবু (২২) ও সঙ্গীতা মহল্লার সাদ্দাম হোসেন (২৫)। মুমূর্ষু অবস্থায় মোজাম্মেল নামে অপর মোটরসাইকেল আরোহীকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকালসাড়ে ৩টার দিকে বৌয়াকুড় এলাকার বাবুল মিয়ার ছেলে বাবু তার দুই বন্ধু সাদ্দাম হোসেন ও মোজাম্মেল হোসেনসহ মোটরসাইকেল নিয়ে ভৈরব যাওয়ার উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টগড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবু নিহত হন। এ সময় আহত হন অন্য দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাদ্দাম হোসেন মারা যান। মোজাম্মেল হোসেনকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোরপরামর্শ দেন।

শিবপুরের ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ