বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান এবার ১৩তম। গতবারের চেয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। এই ধারণা সূচকে গতবছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

বুধবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৫’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেখানে গবেষণা উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারণা সূচকে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার শীর্ষে রয়েছে সোমালিয়া। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক।

দুর্নীতির বিশ্বজনীন ধারণা সূচক অনুযায়ী, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। এর আগের বছর ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। আর ২০১৩ সালে ছিল ১৬তম এবং ২০১২ সালে ছিল ১৩তম স্থানে।

বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রত্যেক বছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক বা সিপিআই (করাপশন পারসেপশনস ইনডেক্স) প্রতিবেদন প্রকাশ করে থাকে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য এম. হাফিজউদ্দিন খান প্রমুখ।

এমকে