অবশেষে সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখা থেকে ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ নামফলকটি সরানো হয়েছে। যেটি স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পরও শোভা পাচ্ছিল সেখানে।বৃহস্পতিবার সকালে ব্যাংক কর্তৃপক্ষ নামফলকটি সরিয়ে ফেলেন।
গত বুধবার ‘স্বাধীনতার ৪৬ বছরেও ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তানের নামফলক’ শীর্ষক প্রতিবেদন যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে এ প্রসঙ্গে খবর প্রকাশিত হয়।এরপরই টনক নড়ে কর্তৃপক্ষের।
এ ব্যাপারে সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুশারফ হোসেন জানান, এই নামফলকটি অপসারণের মধ্য দিয়ে তারা দায়মুক্ত হলেন।
নামফলকটির তথ্যানুযায়ী, ১৯৬৮ সালের ১৮ মে ন্যাশনাল ব্যাঙ্ক অব ইস্ট পাকিস্তানের টাঙ্গাইল শাখাটি উদ্বোধন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের অর্থমন্ত্রী ডক্টর মির্জ্জা নুরুল হুদা।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এক অধ্যাদেশ জারি করে ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান, প্রিমিয়ার ব্যাংক এবং ব্যাংক অব বাহাওয়ালপুরকে অধিগ্রহণ করে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠিত হয়।
এর পর ‘ন্যাশনাল ব্যাঙ্ক অব পাকিস্তান’ বিলুপ্ত হয়ে যায়।স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পরও টাঙ্গাইল শাখা থেকে নামফলকটি পরিবর্তন বা সরিয়ে ফেলেননি কর্তৃপক্ষ।
এমআর





