জেলা শহরের মাইজদীর পৌরবাজার এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচ নেতাকর্মীসহ মোট আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ছাত্রদল থেকে দাবি করা হয়েছে।

মাইজদীর পৌরবাজার এলাকায় বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান তাদের পাঁচ কর্মীসহ মোট আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন। তবে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ফরিদ উদ্দিন পাঁচজনের কথা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মাইজদীর পৌরবাজার এলাকায় সংঘষের্র এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ছাত্রদলের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

ছাত্রদল নেতা আবু হাসান মো. নোমান জানান, পুলিশের গুলিতে আহত হয়েছেন ছাত্রদলকর্মী রিয়াদ, হৃদয়, ফাহাদ, শামু ও জালাল। এ ছাড়া গুলিবিদ্ধ হন তিন পথচারী। তারা হলেন্ত দেলওয়ার রহমান, তামীম মিয়া ও গোলাম মোস্তফা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান ও পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে রশিদ কলোনি থেকে মিছিলটি বের হয়। এটি পৌরবাজারের কাছাকাছি এলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গুলি চালায়।

জেএ