চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শুটিং স্পটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডিপজলের বাড়ির চতুর্থতলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মালিকানাধীন সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ফাহিম শুটিং স্পটের একটি ভবনের চতুর্থতলা থেকে ধোঁয়ার কুণ্ডুলি দেখতে পায় স্থানীয়রা।
মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে চতুর্থতলায় রাখা বিভিন্ন শুটিংয়ের মালামালে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ