বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের(বিএমএ) সাবেক সভাপতি ডা. রশীদ-এ-মাহবুব বলেছেন, ‘গত কয়েক বছরে ধারাবাহিকভাবে স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ কমছে আর চিকিৎসা ব্যয় দিন দিন বাড়ছে। ফলে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরা চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দারিদ্রতার পর্যায়ে নেমে আসছে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন তিনি।

‘জাতীয় স্বাস্থ্য বাজেট : ২০১৫-১৬’ শিরনামে আলোচনার আয়োজন করে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ (পিএইচএফবিডি)।

রশীদ-এ-মাহবুব বলেন, ‘অর্থমন্ত্রী স্বাস্থ্যখাতে বাজেট ঘোষণার সময় কোন কাজে কত ব্যয় হবে তা উল্লেখ করে দেন। শুধুমাত্র চিকিৎসা ব্যয় কত দেওয়া হবে সেটা উল্লেখ থাকে না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও প্রকৃতপক্ষে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় না।’

স্বাস্থ্যখাতে দূর্বৃত্তায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিভিন্ন সময় প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক মেশিন আমদানী করা হয়। মেশিন চলুক বা না চলুক এটা ক্রয় করাতে কোন নির্দিষ্ট ব্যক্তির কমিশনটাই প্রাধাণ্য পায়।’

স্বাস্থ্যখাত উন্নয়নে বাজেটের আশায় বসে না থেকে অন্যান্য জায়গায় দৃষ্টি দিতে হবে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. জি এইচ রব্বানী বলেন, ‘স্বাস্থ্যখাতে বাজেট ১২ হাজার কোটি টাকা থেকে রাতা-রাতি শতকোটি টাকা হয়ে যাবে না। তাই সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের অন্য জায়গায় গুরুত্ব দিতে হবে। হাসপাতাল ভিত্তিক চিকিৎসা ব্যয় কমাতে রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধকেই বেশি গুরুত্ব দিতে হবে।’

গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পিএইচএফবিডি’র চেয়ারম্যান প্রফেসর মুজাহেরুল হক, আয়ুর্বেদ এন্ড ন্যাচারোপ্যাথি এসোসিয়েশন অব বাংলাদেশের (আয়ুনস) প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সমীর কুমার সাহা প্রমুখ।

এমএ/এআই