ঢাকার সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনে আজ (বুধবার) ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন মুরগির খামারে অগ্নিকাণ্ডে ৬ হাজার মুরগির বাচ্চা ও ঘর পুড়ে ছাই হয়ে যায়।

মালিক পক্ষ থেকে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টার সময় পশ্চিম রাজাশনের ফজলুল হক দেওয়ানের মালিকানাধীন খামারটিতে আগুনের সূত্রপাত হয়। মুরগির সেডে কাগজ, চটের কাপড়, তুষ ও ব্রুডারের উচ্চ তাপমাত্রার কারনে আগুন মুহুর্তের মধ্যে প্রায় ২ হাজার ৫ শ' স্কয়ার ফুটের ঘরটিতে আগুন ছড়িয়ে পড়লে প্রথমে খামারের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে আগুনে ৬ হাজার ব্রয়লার বাচ্চা ও মুরগির ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খামার ম্যানেজার সেলিম মিয়া ও কর্মচারি রানা জানান,  তারা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে ঘর থেকে বের হয়ে কর্মচারীদের থাকার আবাস স্থলে যান। কিছুক্ষণ পরই তারা বাচ্চার ব্রুডার ঘরে আগুন দেখতে পান ।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক আরদেশ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দু'দিন বয়সের ৪ হাজার বাচ্চা’সহ পুরো ঘর পুড়ে গেছে।

এমবি