ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রকাশ্য হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী বনপাড়া পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক মহুয়া নুর কচি (৩৮) হৃদরোগ ও জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন।
তার তিন মেয়ে দেশবাসীর কাছে তাদের মায়ের জন্য দোয়া কামনা করেছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে এই মুহূর্তে প্রায় ১২ লাখ টাকা মূল্যের একটি আই ভি আই জি নামের ভাইরাস ইনজেকশন দেয়া জরুরি।
বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন।
জানা গেছে, গত ২১ জানুয়ারি রাতে মহুয়া নুর বাবু হঠাৎ স্ট্রোক করেন। রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তাররা তার শরীরে জিবিএস ভাইরাসের আক্রমণের বিষয়টি নিশ্চিত হন।
চিকিৎসকেরা জানান, জরুরিভাবে তার উন্নত চিকিৎসা করানো দরকার।
তিনি বর্তমানে আইসিইউতে ডা. আবু হেনা মোস্তফা কামালের তত্ত্বাবধানে রয়েছেন।
এ অবস্থায় তার তিন মেয়ে সানজিদা নুর পুনম, সাদিয়া নুর পরমা ও সুরাইয়া নুর উপমা দেশবাসীর কাছে তাদের মায়ের আশু সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি চলাকালে প্রকাশ্য দিবালোকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নুর বাবু খুন হন।
জেআই





