আবুল বাশার (২২) নামের এক চোরাচালানিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন বাংলাদেশি। এ সময় তাদের ধাওয়া করে ভারতীয় সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লাউড়গড় সীমান্তে আটক হন তিনি। আটক আবুল বাশার উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাগগাঁও গ্রামের আব্দুল আলীর ছেলে।

সূত্র জানায়, আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর সীমান্ত নদী যাদুকাটা দিয়ে একটি বারকি নৌকাযোগে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ ধাওয়া করে চোরাচালানিদের। পরে অনেকেই পালিয়ে যেতে পারলেও নৌকাসহ বাংলাদেশি সীমান্তে বিজির হাতে আটক হন আবুল বাশার নামের এই চোরাচালানি।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমকে