রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াকে অস্ত্র মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় ঘোষণা করেন।
সরকারি কৌশলী এন্তাজুল হক বলেন, অস্ত্র আইনে অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার দায়ে সাইফুদ্দিন ইয়াহিয়ার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই আইনেই গুলিসহ অন্যান্য উপকরণ রাখার দায়ে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ মামলার ১৯ জন সাক্ষীর মধ্যে আদালতে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাইফুদ্দিন ইয়াহিয়ার নামে নাশকতা ও বিস্ফোরক আইনে আরও দুইটি মামলা রয়েছে বলে পিপি জানান।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৩টার দিকে নগরের আল রহমান হার্ডওয়্যার মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ইয়াহিয়াকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, আটটি গুলি, ১৩টি ককটেল এবং দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে রাজশাহী র্যাবের ডিএডি আলতাফ হোসেন বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে মামলার অভিযোগপত্র থেকে সাতজনকে অব্যাহতি দেয় পুলিশ। গ্রেফতারের সময় ইয়াহিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি ছিলেন।
কেএইচ





