খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সোমবার বেলা আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতালের ডাক দেয়। রাজশাহী জেলা বিএনপির দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দফতর সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসনসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের প্রতিবাদে এ হরতালের আহবান করা হয়।

উল্লেখ্য ঢাকার যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুমুকের আসামি করে রোববার মামলা করেছে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ি করে তাকে হুকুমের আসামি করার পক্ষে মত দেয়ার দুই দিনের মাথায় এ মামলা হয়।

যাত্রাবাড়ি থানার এসআই কে এম নুরুজ্জামান শনিবার বিকেলে এ মামলা করেন, যাতে পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসাবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়েছে।

জেআই