চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নারী নেত্রী ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় নারী সংগঠন 'জাগো নারী বহ্নি শিখা'।

শুক্রবার সকালে সংগঠনটির আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ বিভিন্ন শ্রেণি ও পেশার নারী পুরুষ অংশ নেন।

সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, আইনজীবী ইয়াসমিন আরা খুশি ও নারী নেত্রী গৌরী চন্দ বর্মন সেতু, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন বক্তব্য রাখেন।

অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নারী নেত্রীর উপর হামলা ও যৌন নির্যাতন গোটা সমাজকে লজ্জায় ফেলে দিয়েছে।

গত ৪ অগাস্ট বেলা ১২টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে নিজের ধানের জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ওই নেত্রী।

হামলার মুখে নিজের শ্রমিক ও স্বজনদের চলে যেতে বলেন তিনি। তারা সবাই পালিয়ে গেলে হামলাকারীদের তিনজন তাকে ধরে নিয়ে ধর্ষণ করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা দুটি মহিষসহ পাওয়ার টিলার ও শ্যালো মেশিন নিয়ে যায়।

ধর্ষণের শিকার ওই আদিবাসী নারী নেত্রী বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গোমস্তাপুর থানার এসআই মমিনুর রহমান জানান, এ ঘটনায় লুট করা মালামাল উদ্ধারসহ শুক্রবার সকাল পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই