রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রথম বর্ষের পরিচিতি অনুষ্ঠানে না ডাকায় হামলা চালিয়ে ভাংচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে অনুষ্ঠান শেষে অডিটোরিয়ামে ঢুকে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল (রিগেন) ও সাধারণ সম্পাদক রাশেদ রহমানের নেতৃত্বে ব্যাপক ভাংচুর চালানো হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে ইন্সটিটিউট কর্তৃপক্ষ। সকাল সাড়ে ১০টার দিকে মেহেদী ও রাশেদ অডিটোরিয়ামে প্রবেশ করে। ছাত্রলীগকে ছাড়াই কেন এ অনুষ্ঠান করা হল শিক্ষকদের কাছে জানতে চান তারা।
এছাড়া ছাত্রলীগের নির্দেশনা অমান্য করে কেন অনুষ্ঠান শুরু হল তাও জানতে চান। শিক্ষকরা ছাত্রলীগ নেতাদের জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ীই অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তারপরও ছাত্রলীগের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দিতে চাইলে সে সুযোগ দেয়া হবে বলেও শিক্ষকরা জানান।
কিন্তু তাতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের ওই দুই নেতা অডিটোরিয়াম থেকে বাইরে চলে আসেন। এর পরপরই মিছিল শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই মধ্যে অনুষ্ঠান শেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা অডিটোরিয়াম থেকে বের হয়ে যান।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অডিটোরিয়ামের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনুষ্ঠানস্থলের মঞ্চ, চেয়ার-টেবিল ও ফ্যান ভাংচুর করে।
এ বিষয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রিমেল জানান, প্রথম বর্ষের পরিচিতি অনুষ্ঠানে তাদের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। তবে ভাংচুরের সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।
এমএনজে





