আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব- উল-আলম হানিফ বলেছেন- বিএনপি নেতারা এখন হতাশাগ্রস্ত রোগীর মত নানান সময় নানা রকম পাগলের প্রলাপ বকছেন।
শুক্রবার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ও তাদের জোট ভেঙ্গে যাচ্ছে। আর বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সরকার। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের প্রতি সবাই আস্থাশীল ও ঐক্যবদ্ধ। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, গাড়ীতে আগুন দেবে, বোমা মেরে ও মানুষকে পুড়িয়ে মারবে, তাদের সঙ্গে বসে মধুর সম্পর্ক স্থাপন করতে হবে, আওয়ামী লীগ এই রাজনীতিতে বিশ্বাস করেনা।
জনগণের জানমালের নিরাপত্তা দিতে সন্ত্রাসী যে কোন কর্মকান্ডের বিরুদ্ধে আওয়ামী লীগ বা সরকারের কঠোর অবস্থান থাকবে বলেও জানান তিনি।
জামায়াত সম্পর্কে হানিফ বলেন, জামায়াত মানবতা বিরোধী যুদ্ধাপরাধী দল। একাত্তরে তারা যে অপরাধ করেছিলো, এখনও সুযোগ পেলে সেই অপরাধ করে আসছে। এখনও তারা সুযোগ পেলে রাজপথে নেমে মানুষের উপর বোমা হামলা করছে, পেট্রোল দিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করছে। একাত্তরের পৈশাচিকতা এখনও তাদের মধ্যে আছে। এই জামায়াতকে এখন আর রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা যায়না।
পরে দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপিনাথ জিওর মন্দিরে হিন্দুদের শুভ বিজয়া পূণর্মিলনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন হানিফ। এতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিমসহ হিন্দু ধর্মাবলম্বীরা ও আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেআই





