কক্সবাজারের উখিয়ায় প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে সংসদ সদস্য আব্দুর রহমান বদির শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ।

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শুক্রবার বিকালে এ বিক্ষোভ ও মানববন্ধন করেন প্রকৌশলীরা।

এ সময় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সভাপতি প্রকৌশলী মো. হারুন বলেন, প্রকৌশলীর গায়ে হাত তুলে সংসদ সদস্য সব শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গেছেন। এর আগেও তিনি শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের সঙ্গে একই আচরণ করেছেন। অথচ গণবিরোধী অনেক কর্মকান্ডের অভিযোগও তার বিরুদ্ধে প্রতিষ্ঠিত। এবারে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে প্রকৌশলীরা অন্য পেশাজীবীদের সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, একের পর এক অসংযত আচরণ করলেও সংসদ সদস্য বদি তা নিয়ে অনুতপ্ত নন। একজন আইনপ্রণেতা হয়ে তিনি পেশাজীবীদের এভাবে হেনস্তা করতে পারেন না। কারণ এর আগেও এক প্রকৌশলীকে লাঞ্ছিত করে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ক্ষমা চেয়েছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন—ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক সাদেক মো. চৌধুরী, প্রকৌশলী এম আলী আশরাফ, রশিদ আহমদ চৌধুরী, চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক রফিকুল আলম ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের সদস্য উদয় শেখর দত্ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার দাশ, পিডব্লিউডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সজল বিশ্বাস প্রমুখ।

উখিয়া প্রশাসনের মাসিক উন্নয়ন সভা চলাকালে বুধবার দুপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুর রহমান বদি উপজেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি।

কেএইচ