মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তি আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই। এরপর আর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া যাবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, অনেকেই প্রকৃত মুক্তিযোদ্ধা, অথচ মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম নেই। সরকার আগামী ৩০ জুলাই পর্যন্ত তালিকাভুক্তির আবেদন গ্রহণ করবে। অনলাইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এই আবেদন করতে হবে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সংসদ সদস্য নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের উত্তরে মোজাম্মেল হক বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সম্ভ্রম হারিয়েছে ২ লাখ মা-বোন। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন ৩০ লাখ শহীদ।
এই ইতিহাসের সঙ্গে একটি লাল মুক্তিবার্তা সংরক্ষিত আছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে তাতে নারী মুক্তিযোদ্ধার তালিকা রয়েছে। ওই তালিকা অনুযায়ী দেশে নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ২০৯ জন।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





