প্রচণ্ড গরমে যশোরের অভয়নগরে একটি খামারে সাড়ে ৩০০ ব্রয়লার মুরগি মারা গেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামের গাজীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। বিদ্যুৎ বিভ্রাটে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

খামারটির মালিক হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, তার বাড়িতে দীর্ঘদিন ধরে একটি মুরগির খামার রয়েছে। শুক্রবার সকাল ৯টার সময় বিদ্যুৎ চলে যায়। এরপর তিনি পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন। কিন্তু দুপুর পর্যন্ত বিদ্যুতের লোকজন কোনো সাড়া না দেওয়ায় স্থানীয় এক যুবলীগ নেতার মাধ্যমে আবার যোগাযোগ করেন। কিন্তু তাতেও সাড়া দেয়নি বিদ্যুৎ বিভাগের লোকজন। আর এ কারণে গরমে খামারের দেড় হাজার মুরগির মধ্যে ৩৫৬টি মুরগি মরে যায়।

হারুন অর রশিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগি চাষ করে আসছি। আজ তার ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম দিলীপ কুমার বাইন বলেন, ওই এলাকা বিদ্যুৎহীন ছিল তা আমার জানা ছিল না। কেউ আমার কাছে অভিযোগও করেনি।

এম আর