বগুড়ার শেরপুর উপজেলায় নব-নির্মিত সেপটিক ট্যাঙ্কে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ভবনের মালিক আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌরশহরের হাসপাতাল রোডের মোজাহার আলী কোল্ড স্টোর এলাকার নব-নির্মিত ওই ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, খামারকান্দি ইউনিয়নের ঝাঝড় বিলনথার গ্রামের শাহজাহান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) ও খানপুর ইউনিয়নের ইমদাদুল হকের ছেলে সাগর রহমান (২০)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোহা জানান, সকালে মোজাহার আলী কোল্ড স্টোর এলাকায় আবুল কালাম আজাদের মালিকানাধীন ভবনের নব-নির্মিত সেপটিক ট্যাঙ্কের ঢালাইকরা ছাদের সাঁটার খুলতে গিয়ে দু’জন শ্রমিক ওই ট্যাঙ্কের ভেতর নামেন। এরপর সেখানে তারা আটকা পড়ে বিষক্রিয়ায় মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।
ওএফ





