যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত আব্দুল বারিক (৩৫) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। আব্দুল বারিক ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের অবলা প্রামাণিকের ছেলে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

ধুনট থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সিরাজগঞ্জ সদরের মদনাবাড়ি গ্রামের আব্দুল মান্নানের মেয়ে তানিয়া খাতুন যমুনাকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেন আব্দুল বারিক।

বিয়ের পর স্ত্রীর কাছে অতিরিক্ত তিন লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। দাবিকৃত টাকা না পেয়ে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন আব্দুল বারিক।

একপর্যায়ে সোমবার দুপুরে আব্দুল বারিক স্ত্রী তানিয়া খাতুনকে মারধর করেন। আহত তানিয়াকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা।

এ ঘটনায় মঙ্গলবার রাতে তানিয়া বাদী হয়ে স্বামীসহ তিনজনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আব্দুল বারিককে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

কেএইচ