চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নাশকতাবিরোধী সমাবেশে দলের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর খুলশী থানার আমবাগান শহীদ শাহজাহান মাঠে এই ঘটনার আগে একটি ককটেল বিস্ফোরণের পর এক যুবককে ধরে পিটুনি দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রেলওয়ে জাদুঘরসংলগ্ন শহীদ শাহজাহান মাঠে সমাবেশ শুরুর পর একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় সমাবেশে আসা লোকজন আমিনুর রহমান নামের এক যুবককে ধরে পিটুনি দেয়।
এরপর বিকাল ৫টার দিকে সমাবেশস্থলে আসেন পার্শ্ববর্তী লালখান বাজার এলাকার যুবলীগ নেতা দিদারুল আলম মাসুম। তখন তার অনুসারীদের সঙ্গে খুলশী এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনের সমর্থকদের হাতাহাতি ও মারামারি হয়।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বলেন, নগর আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলশী থানা আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে।“সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়। দেড় হাজার চেয়ারেরও ব্যবস্থা করা হয়। চেয়ারে বসাকে কেন্দ্র করে একটু গণ্ডগোল হয়েছে। পরে সুন্দরভাবে সমাবেশ শেষ করেছি।”
দুই পক্ষের সমর্থকদের হাতাহাতির পর মঞ্চে থাকা দলের নগর শাখার সম্পাদক আ জ ম নাছিরসহ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খুলশী থানার ওসি মাঈনুল ইসলাম ভুঁইয়া বলেন, শাহজাহান মাঠের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জেআই





