জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকায় শাশুড়ি সুফিয়া বেগমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে পুত্রবধূ দেলেরা বেগম।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুফিয়া জিনজিরা এলাকার হাসেম খানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপুরে কলমার জিনজিরা এলাকায় নিজ বাড়িতে সুফিয়ার সঙ্গে তার বড় ছেলে আমজাদ মিয়ার স্ত্রী দেলেরা বেগমের ঝগড়া হয়। এ সময় দেলেরা বেগম শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এনান মেডিকেল হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পুত্রবধূ দেলেরা বেগম পলাতক রয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই নারীকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলের বউ। তাকে আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ওএফ