হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার ট্রাকের চাপায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্র।
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আরাফাত রহমান মিশু জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিএ (অনার্স) এর চতুর্থ বর্ষের ছাত্র। আহত একই বিশ্ববিদ্যালয়ের নিহতের সহপাঠি হামিদুর রহমান।
পুলিশ তাদের পরিচয়পত্র দেখে তাদের এই পরিচয় নিশ্চিত করেছে। তবে তাদের বাড়ি নাটোর জেলায় হলে সঠিক ঠিকানা জানতে পারেনি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার ঢাকা থেকে মোটরসাইকেল যোগে মিশু ও হামিদুর নাটোরে নিজ বাড়িতে ফিরছিলেন। দুপুর সাড়ে ৩টার দিকে তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মিশু।
আহত হামিদুরকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।
এমবি





