নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্বঘোষিত আগামীকাল রোববার অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান হরতাল কর্মসূচি প্রত্যাহারের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ওবায়দুল কাদেরের বরাত দিয়ে তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল দাবি বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে। পরে ওই সব বিষয়ে সিন্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুক লাইভে রাজাকার পরিবারের সদস্য বলেন।

এর প্রতিবাদে একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার ও জেলা কমিটি বিলুপ্ত করার দাবিতে শনিবার সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট ও রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

এমবি