রাজধানীর মতিঝিলে ফিও টনিয়ার (১৭) নামে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি নটর ডেম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

কলেজের সামনে চলন্ত বাস থেকে নামতে গিয়ে রবিবার দুপুর ১২টায় আহত হন ফিও টনিয়ার। বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, ফিও টনিয়ার নটর ডেম কলেজের মার্টিন হোস্টেলে থাকতেন।

রবিবার সকালে স্টার সানডে উপলক্ষে বন্ধুদের সঙ্গে ফার্মগেটে গির্জায় যান। সেখান থেকে ফেরার পথে কলেজের সামনে এসে বাস না থামলে তিনি চলন্ত বাস থেকে নামতে গিয়ে মাথায় আঘাত পান।

তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

ফিও টনিয়ার বান্দরবান জেলার রুমা থানার জয়তুনপাড়ার কেয়ানন ত্রিপুরার ছেলে।

এমকে