বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির কার্যালয় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দলীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় দলীয় কার্যালয়ের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. এস কে শিকদার তার বক্তৃতায় তৃণমূল কমিটি গঠনের সময় সাধারণ সম্পাদক জসিমের সহযোগিতা ছিল না বলে জানান। এ কথা বলায় জসিমের সমর্থকরা প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে।

পাথরঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফারুক জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ