বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সিপাহী জনতা ৭ই নভেম্বর বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে চরম সঙ্কট থেকে উদ্ধার করেছিল। আজকের দিনেও জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে- আরেকটি ৭ই নভেম্বর সৃষ্টি করে জাতিকে চরম এই সঙ্কট থেকে মুক্ত করার, দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ফিরিয়ে আনার।’

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার সকালে নগরীর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘৭ই নভেম্বর জাতির জন্য গুরুত্বপূর্ণ দিন। ওইদিন বাংলাদেশে সত্যিকার অর্থে স্বাধীনতা ফিরে এসেছিল, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছেল তারা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় ছিল, দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল।’

‘বিগত দিনে চট্টগ্রামের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, আগামী দিনে এই চট্টগ্রাম থেকে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যারা রাষ্ট্রের দায়িত্বে থেকে সন্ত্রাসী ভূমিকা পালন করছেন, অবৈধ সরকারকে সহযোগিতা করছেন জনগণ তাদের ক্ষমা করবে না। এই অবৈধ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের জনগণ প্রতিহত করবে।’

সমাবেশে উপস্থিত সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘৭ই নভেম্বরের চেতনায় উদুদ্ধ হয়ে এই জুলুমবাজ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

জেআই