গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫১ জনে। আর মারা গেছেন পাঁচ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
তিনি বলেন, নতুন আক্রান্ত দু’জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৭ বছর। তিনি সৌদি আরব থেকে এসেছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার ডায়াবেটিস আছে। আরেকজনের বয়স ৫৫ বছর। তার বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। তারও ডায়াবেটিস ও উচ্চরক্ত আছে। তারা দু’জনই শারীরিবভাবে সুস্থ আছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
আইইডিসিআরের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় হটলাইনে ফোন এসেছে ৩ হাজার ৬৩টি। এর মধ্যে করোনা সংক্রান্ত কল এসেছে ২ হাজার ৯৯৭টি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৪০। এর মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সর্বমোট এক হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা আক্রান্ত ৪৯ জনের মধ্যে আরও ছয় জনের শরীরে সংক্রমণ আর নেই। তাদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। চার জনের বয়স ৩০-৪০ এর কোঠায়। একজনের বয়স ৪০ এর কোঠায়। এদের মধ্যে একজন নার্স। তিনি সুস্থ হয়েছেন। সব মিলিয়ে ২১ জন করোনামুক্ত হয়েছেন।
তিনি বলেন, সারাদেশে এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩৮ জন। আর ৭৫ জন আছেন আইসোলেশনে।
আইইডিসিআরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ পরীক্ষাগুলো করা হয়েছে।
এমবি





